চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় গত বছর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ শিক্ষার্থী। কিন্তু এবার ২০২৬ সালে অংশ নিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, অর্থাৎ গতবারের তুলনায় ১০ হাজার ৫ জন কমেছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ হাজার ৩২৭ জন কমেছে। এছাড়া পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও কিছুটা কমলেও অংশগ্রহণকারী বিদ্যালয় ৫৪টি বেড়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, এবার এই পাঁচ জেলায় ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশ নেবে, যেখানে ছাত্রী হবে ৭৪ হাজার ৩৪৩ জন। গত বছর ছিল ৬১ হাজার ৬৫২ ছাত্র এবং ৭৯ হাজার ২১ ছাত্রী। ফলে ছাত্র ৫ হাজার ৩২৭ এবং ছাত্রী ৪ হাজার ৬৭৮ জন কমেছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু হবে। চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, যা গত বছরের ১ হাজার ১৬৪টির চেয়ে ৫৪টি বেশি। গত বছর পাঁচ জেলায় পরীক্ষাকেন্দ্র ছিল ২১৯টি, এবার ২১৮টি। চট্টগ্রাম জেলায় দুটি কেন্দ্র কমেছে, বান্দরবানে একটি বেড়েছে।

জেলা ভিত্তিক দেখা যায়, সবচেয়ে বেশি পরীক্ষার্থী কমেছে চট্টগ্রাম জেলায়—গতবারের তুলনায় ৬ হাজার ৭৯৯ জন। এবার চট্টগ্রাম থেকে ৯২ হাজার ২৯৬, কক্সবাজার থেকে ১৮ হাজার ৯১৪, রাঙামাটি থেকে ৭ হাজার ৪১৬, খাগড়াছড়ি থেকে ৮ হাজার ৬৯ এবং বান্দরবান থেকে ৩ হাজার ৯৭৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, ‘এবার পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৭৬টি পর্যবেক্ষক দল (ভিজিল্যান্স টিম) গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ ভিজিল্যান্স এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম। থানা শিক্ষা কর্মকর্তারা এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কোনো খবর দেয়নি। তবে আমরা দুর্গম এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করছি।’