ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই দুই শিশুর মৃত্যু ঘটে। এ সময় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। আজ সকাল পর্যন্ত হাসপাতালে হাম ও হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ছিল ৭৬ শিশু।
মৃত শিশুরা হলেন নেত্রকোনা সদরের ইলিয়াস হোসেনের ৩ মাস বয়সী মেয়ে আদিবা এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাসেল মিয়ার ৮ মাস বয়সী ছেলে আরাফাত। গত ১৭ মার্চ হামের লক্ষণ নিয়ে আদিবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, আরাফাতকে গত ১৮ মার্চ ভর্তি করা হয় এবং গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২৩৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে এবং ৯ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৬ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে দুই শিশুর মৃত্যু হয়েছে।






