বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় নির্ধারিত সময়ে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা তেমন দেখা দেননি। নির্বাচনী কর্মকর্তাদের জানানো মতে, বেশিরভাগ কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত গড়ে ১ শতাংশেরও কম ভোট পড়েছে। সকাল ৯টা পর্যন্ত অনেক কেন্দ্র প্রায় ফাঁকাই রয়েছে।
বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে আটটায় গিয়ে দেখা গেছে, ভোটার নেই। কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। বুথগুলোতে ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অলস হয়ে বসে আছেন।
এই কেন্দ্রের ছয়টি বুথে মোট ভোটার ২ হাজার ৮৩৫ জন। প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহেল মাসুম বলেন, প্রথম এক ঘণ্টায় গড়ে ১ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রের ৬ নম্বর বুথে ভোটার ৩৪৯ জন, প্রথম ঘণ্টায় তার মধ্যে মাত্র ১টি ভোট পড়েছে।
এই কেন্দ্রে ভোট দিতে এসে তালিকায় নাম খুঁজে না পেয়ে হতাশ হয়েছেন জলেশ্বরীতলা এলাকার ভোটার মনুয়ারা বেগম। তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ কেন্দ্রে ভোট দিয়েছেন। আজ ভোট দিতে এসে তালিকায় নাম খুঁজে পাচ্ছি না।’ প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহেল মাসুম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
শহরের প্রিক্যাডেট উচ্চবিদ্যালয় কেন্দ্রেও প্রথম ঘণ্টায় ভোটার দেখা যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা এস এম সোহেল রানা জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৫৯২ জন। প্রথম এক ঘণ্টায় ৪২টি ভোট পড়েছে।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন মুক্তকণ্ঠকে বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে। ঈদের ছুটির পর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অনেক ভোটার এলাকার বাইরে অবস্থান করছেন। অন্তত ৫০ শতাংশ ভোটার এবার কেন্দ্রে আসবেন বলে আশা করা হচ্ছে। ১৫০টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটার উপস্থিতি গড়ে ১ শতাংশ বলে আমরা খবর পাচ্ছি। পরে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও জয়লাভ করেন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে এখানে উপনির্বাচন হচ্ছে। বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন।
উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া পৌরসভার সাবেক মেয়র। জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসনে ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন। পোস্টাল ব্যালটে ৩ হাজার ৭৩৬ জন ভোট দেবেন।






