বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নির্ধারিত সময়ে ভোট শুরু হয়েছে এবং একটানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও জয়লাভ করেন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসন থেকে পদত্যাগ করায় এখানে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বগুড়া জেলা বিএনপির সভাপতি। তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র। অন্যদিকে, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত হয়েছিল। পরে জামায়াত তাঁর ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে। বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীকে লড়ছেন।

সকালে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ভোটকেন্দ্র পরিদর্শন করা যায় যে, ভোটাররা ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হচ্ছেন।

সকাল সাড়ে আটটার দিকে তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মৃণাল কান্তি দাস বলেন, “এ কেন্দ্রে মোট ৪ হাজার ৭৮১ জন ভোটার রয়েছেন। ৯টি বুথে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।”

শ্রীবরদী এবং ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। দুই উপজেলায় মোট ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে।