সুন্দরবনকে দস্যুদের হাত থেকে মুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযানে গত দেড় বছরে ৫টি ডাকাত দলের ৬১ সদস্যকে আটক করা হয়েছে। এসব অভিযানে দস্যুদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
বুধবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দেড় বছরে ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ সদস্যকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯টি তাজা গুলি, ৩০৮টি গুলির খোসা এবং ১ হাজার ৯৫০টি এয়ারগানের গুলি জব্দ করা হয়।
কোস্টগার্ড আরও জানায়, বনদস্যুদের কবল থেকে এখন পর্যন্ত ৭৮ জেলে ও ৩ পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দস্যুতা দমনে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে কোস্টগার্ডের নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। অভিযানের মাধ্যমে ডাকাত দলের বেশ কিছু আস্তানা শনাক্ত করার পর সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।
সুন্দরবনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দস্যুতা নির্মূল করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।






