হামের উপসর্গ নিয়ে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনের মৃত্যু ঢাকা বিভাগে। তবে এই সময়ে হামে কোনো শিশুর মৃত্যু ঘটেনি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ২১ জন মারা গেছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ শিশুর মধ্যে ৬ জন ঢাকা বিভাগের, যাদের ৫ জন ঢাকা জেলার। এছাড়া রাজশাহীতে ৩ শিশু এবং খুলনায় ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৮৯ জনের হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশু ১ হাজার ৫৯৯। হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগী ৭ হাজার ৫৭৭ এবং সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগী ৫ হাজার ২৪১।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, সংখ্যা ২৮৫। এরপর চট্টগ্রামে ১২৬, রাজশাহীতে ১১৯, খুলনায় ৭২, সিলেটে ৩৩, বরিশালে ২৫, রংপুরে ২০ এবং ময়মনসিংহে ১৩ জন ভর্তি হয়েছেন।