একসময় মধ্যবিত্ত পরিবারে এসি ছিল বিলাসিতার চিহ্ন, কিন্তু এখন জলবায়ুর পরিবর্তন আর অসহ্য গরমে এটি হয়েছে অপরিহার্য স্বস্তির উপায়। তবে এসি কেনার সময় বাজেট, ঘরের আয়তনের জন্য কত টন এবং বিদ্যুৎ খরচ নিয়ে প্রশ্ন উঠতেই থাকে। এই বিভ্রান্তিতে অনেকে ভুল পছন্দ করেন এসি, ফলে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বাড়ে আর যন্ত্রে সমস্যা দেখা দেয়।
রুমের আয়তন ও এসির টনের হিসাব
এসি বাছাইয়ে গ্রাহকদের সবচেয়ে বড় ভুল হয় ঘরের আয়তনের সঙ্গে এসির টনের অমিলে। বিশেষজ্ঞদের পরামর্শ, ১০০ থেকে ১২০ বর্গফুটের রুমে ১ টন, ১২০ থেকে ১৭০ বর্গফুটে ১.৫ টন এবং তার বেশি আয়তনে ২ টনের এসি উপযুক্ত। বাজেট বাঁচাতে বড় ঘরে কম টনের এসি লাগালে ঘর ঠিকমতো ঠান্ডা হয় না, কম্প্রেসরে অতিরিক্ত চাপ পড়ে এবং বিদ্যুৎ খরচ বেড়ে যায়।
ইলেকট্রো মার্ট লিমিটেডের সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন মুক্তকণ্ঠকে বলেন, “এসি কেনা মানে শুধু একটি যন্ত্র কেনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। অনেক সময় ক্রেতারা বাজেট বাঁচাতে কম টনের এসি কেনেন, যা বাস্তবে উল্টো ফল দেয়। কম ক্ষমতার এসি বড় ঘর ঠান্ডা করতে গিয়ে দীর্ঘ সময় ধরে চলে, ফলে বিদ্যুৎ বিল বেড়ে যায় এবং কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে যন্ত্রের স্থায়িত্ব কমিয়ে দেয়।”
ঘরের দিক ও আসবাবের প্রভাব
বিশ্লেষকরা বলছেন, জানালার অবস্থান এবং আসবাবের পরিমাণ এসির কুলিং ক্ষমতায় সরাসরি প্রভাব ফেলে। দক্ষিণ বা পশ্চিমমুখী ঘরে বিকেলের তীব্র রোদ থাকলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ক্ষমতার এসি লাগে। উঁচু সিলিং বা ভারী আসবাব থাকলে বাতাসের চলাচল বাধাগ্রস্ত হয়। তাই ইনসুলেশন ভালো করে এসি এমন জায়গায় লাগানো উচিত যাতে সারা ঘরে সমানভাবে হাওয়া ছড়ায়।
মধ্যবিত্তের বাজেটে ইনভার্টার এসি
মধ্যবিত্তদের কাছে বাজেট গুরুত্বপূর্ণ, তবে ওয়ালটন বা গ্রীর মতো ব্র্যান্ডগুলো সাশ্রয়ী দামে আধুনিক ফিচার দিচ্ছে। ইনভার্টার এসি এখন বিলাসিতা নয়, বরং বিদ্যুৎ সাশ্রয়ের কার্যকর উপায়। নন-ইনভার্টারের চেয়ে দাম কিছু বেশি হলেও দুই-তিন বছরে বিদ্যুৎ বিলের সাশ্রয়ে তা ফিরে আসে।
মো. জুলহক হোসাইন বলেন, “মধ্যবিত্ত পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাজেটের মধ্যে থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া। একটি বড় ভুল ধারণা হলো, কম দামে এসি কিনলেই সাশ্রয়। বাস্তবে সঠিক টন এবং শক্তিসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার না করলে সেই সাশ্রয় খুব দ্রুতই হারিয়ে যায়। এ ক্ষেত্রে গ্রীর মতো নির্ভরযোগ্য ব্র্যান্ডের ইনভার্টার প্রযুক্তির এসিগুলো কার্যকর সমাধান হতে পারে। কারণ, এগুলো ঘরের তাপমাত্রা অনুযায়ী নিজের ক্ষমতা নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ খরচ কমিয়ে আনে।”
কেনাকাটা ও রক্ষণাবেক্ষণের টিপস
বিশেষজ্ঞরা বলছেন, এসির কনডেনসার শতভাগ কপার বা তামার কিনা তা যাচাই করতে হবে। এছাড়া পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট যেমন আর-৩২ গ্যাস ব্যবহার হয়েছে কিনা দেখা জরুরি।
ভালো এসি কেনার পর সঠিক স্থাপন গুরুত্বপূর্ণ। অদক্ষ টেকনিশিয়ানের হাতে ইনস্টল হলে গ্যাস লিকসহ যন্ত্রগত সমস্যা দেখা দেয়, যা পরে বড় খরচ ডেকে আনে। অনুমোদিত প্রতিনিধি ও অভিজ্ঞ কারিগর দিয়ে স্থাপন এবং নিয়মিত সার্ভিসিং করলে যন্ত্রের সমস্যা কমে এবং আয়ু বাড়ে।






