সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের প্রদত্ত জামিন বহাল রয়েছে। হাইকোর্টের এই আদেশ স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ দিয়েছে। চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বুধবার এই আদেশ জারি করেন।
গত ৫ মার্চ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন আনিস আলমগীর। এই জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ চেম্বার আদালতের কার্যতালিকায় ছিল।
শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। আনিস আলমগীরের পক্ষে আইনজীবী তামান্না ফেরদৌস শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী আসলাম মিয়া।
পরবর্তীতে আইনজীবী তামান্না ফেরদৌস মুক্তকণ্ঠকে জানান, হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে। শুনানি নিয়ে চেম্বার আদালত নো অর্ডার দিয়েছেন। ফলে আনিস আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল।
গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরদিন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ১৫ জানুয়ারি দুদক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে। মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এই মামলায় গত ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি।
ওই দুই মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর আনিস আলমগীর গত ১৪ মার্চ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক-শোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।






