গরমের তীব্রতায় ঘর বা অফিসে এসি এখন অনেকের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এর সঙ্গে জড়িত অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং পরিবেশের ক্ষতি দুটি বড় সমস্যা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাজারে ইনভার্টার এসি জনপ্রিয় হয়ে উঠেছে। অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্ট যন্ত্রগুলো আরামদায়ক শীতলতা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করে এবং পরিবেশবান্ধব।

ইনভার্টার প্রযুক্তি কীভাবে কাজ করে

সাধারণ এসি এবং ইনভার্টার এসির মূল তফাত কম্প্রেসরের কার্যপ্রণালীতে। সাধারণ এসিতে ঘর ঠান্ডা হলে কম্প্রেসর সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা বাড়লে আবার পুরোদমে চালু হয়। এই বারবার চালু-বন্ধের প্রক্রিয়ায় বিদ্যুৎ অনেকটা নষ্ট হয়।

যেখানে ইনভার্টার এসি কখনো পুরোপুরি বন্ধ হয় না। এটি ঘরের তাপমাত্রা অনুসারে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে। কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছালে কম্প্রেসর ধীর গতিতে চলে। ফলে বারবার চালুর অতিরিক্ত খরচ হয় না। পরীক্ষায় দেখা গেছে, ভালো ইনভার্টার এসি সাধারণ এসির তুলনায় ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

বেকো ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র স্পেশালিস্ট সানজানা মাহমুদ মুক্তকণ্ঠকে বলেন, ‘ইনভার্টার প্রযুক্তিসমৃদ্ধ এসিগুলো বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। আমাদের দেশের প্রেক্ষাপটে বিদ্যুতের খরচ একটি বড় বিষয় হওয়ায় গ্রাহকেরা দীর্ঘমেয়াদি সাশ্রয়ের দিকটি গুরুত্ব দিচ্ছেন। ফলে বেকোর মতো অন্য ইনভার্টার এসিগুলো এখন একটি স্মার্ট বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।’

আর-৩২ গ্যাস

পরিবেশ সচেতনতা বাড়ায় এসির রেফ্রিজারেন্ট গ্যাসের ধরনও বদলে গেছে। আধুনিক ইনভার্টার এসিতে এখন আর-৩২ গ্যাস ব্যবহার হয়। আগের আর-২২ বা আর-৪১০-এর তুলনায় এর গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অনেক কম এবং ওজোন স্তরের কোনো ক্ষতি করে না।

সানজানা মাহমুদ বলেন, পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট যেমন আর-৩২ ব্যবহার করা এসিগুলো কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করে। বর্তমান সময়ে পরিবেশ সচেতনতা বাড়ার কারণে অনেক গ্রাহক এখন এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

ক্রেতাদের আকর্ষণের তিন কারণ

বাজারে অনেক ব্র্যান্ডের এসি থাকা সত্ত্বেও ক্রেতারা ইনভার্টার এসির দিকে বেশি ঝুঁকছেন। সংশ্লিষ্টরা জানান, এর পেছনে তিনটি প্রধান কারণ—

সাশ্রয়ী বিল: মাস শেষে বিদ্যুৎ বিল মধ্যবিত্তের জন্য বড় চিন্তা। ইনভার্টার এসি দীর্ঘমেয়াদে অনেক অর্থ বাঁচায় এবং রক্ষণাবেক্ষণ খরচও কম।

স্থায়িত্ব ও শব্দহীনতা: কম্প্রেসর বারবার চালু-বন্ধ না হওয়ায় যন্ত্রাংশে চাপ কম পড়ে। এতে এসির আয়ু বাড়ে এবং এটি নিঃশব্দে চলে, যা ভালো ঘুম নিশ্চিত করে।

সূক্ষ্ম তাপমাত্রা নিয়ন্ত্রণ: সাধারণ এসিতে তাপমাত্রা ওঠানামা করে অস্বস্তি হয়। ইনভার্টার এসি তাপমাত্রা স্থির রাখে, যা শিশু ও বয়স্কদের জন্য উপকারী।

কার্বন ফুটপ্রিন্ট কমাতে ভূমিকা

অতিরিক্ত বিদ্যুৎ খরচে জীবাশ্ম জ্বালানি বেশি পোড়ে, যা কার্বন ডাই-অক্সাইড বাড়ায়। ইনভার্টার এসি কম বিদ্যুৎ ব্যবহার করে পরোক্ষভাবে কার্বন ফুটপ্রিন্ট কমায়। বাসায় সাধারণ এসির বদলে এটি ব্যবহার করলে বছরে উল্লেখযোগ্য কার্বন নিঃসরণ কমে। ইকো-মোড ও সেন্সর প্রযুক্তি পরিবেশ রক্ষায় অতিরিক্ত সাহায্য করে।

সংশ্লিষ্টদের মতে, সঠিক টনের এসি নির্বাচন, নিয়মিত ফিল্টার পরিষ্কার এবং বছরে অন্তত দুবার সার্ভিসিং জরুরি। ভুল ইনস্টলেশন বা নিম্নমানের কেবল পিসিবি বোর্ড ক্ষতি করতে পারে। তাই অনুমোদিত শোরুম থেকে কেনা ও সার্ভিস নেওয়া উচিত।