হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা পেশাগত কাজে বার্তা পাঠানোর পাশাপাশি অডিও-ভিডিও কল করেন অনেকে। কিন্তু যদি কলের প্রতিপক্ষ যানজট, বাজার বা গণপরিবহনে থাকেন, তাহলে চারপাশের শব্দের জন্য কথা ঠিকমতো শোনা যায় না। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ ‘নয়েজ ক্যান্সেলেশন’ সুবিধা চালু করছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড বেটা ২.২৬.১৪.১ সংস্করণ ব্যবহারকারীদের জন্য এরই মধ্যে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এটি সবার জন্য চালু হলে আশপাশের শব্দ কথোপকথনের পথে বাধা সৃষ্টি করবে না। ফলে অডিও ও ভিডিও কল স্বচ্ছন্দে করা সম্ভব হবে।
অ্যান্ড্রয়েড বেটা ২.২৬.১৪.১ সংস্করণে নয়েজ ক্যান্সেলেশন অপশনটি কলিং মেনুতে যুক্ত করা হয়েছে। অডিও বা ভিডিও কল শুরু করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে সুবিধাটি বন্ধও করতে পারবেন।
জানা গেছে, যদি একজন ব্যবহারকারী নয়েজ ক্যান্সেলেশন সুবিধা চালু করেন, তবে অপর পক্ষের কাছে তার কণ্ঠস্বর বর্তমানের তুলনায় স্পষ্ট শোনাবে। তবে উভয় পক্ষ চালু না করলে অডিও বা ভিডিওর শব্দের মান উন্নত হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালুর ঘোষণা দিতে পারে হোয়াটসঅ্যাপ।
সূত্র: গ্যাজেটস ৩৬০






