রাজধানীর ধানমন্ডিতে আরএফএল দেশের সবচেয়ে বড় বেস্ট বাই বিক্রয়কেন্দ্র চালু করেছে। ধানমন্ডির সাত মসজিদ সড়কের ১৫ নম্বর সড়কে অবস্থিত এই নতুন কেন্দ্রটির আয়তন প্রায় ৫০ হাজার বর্গফুট।

একটি সংবাদবিজ্ঞপ্তিতে আরএফএল এ তথ্য জানিয়েছে। সম্প্রতি এই বিক্রয়কেন্দ্র উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরএন পাল উপস্থিত ছিলেন। এ সময় আরএফএলের হেড অব রিটেইল রাহাত জাহান শামীমসহ বেস্ট বাইয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরএফএল জানায়, গ্রাহকদের এক ছাদের নিচে পরিবারের সব ধরনের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে এই দেশের সবচেয়ে বড় বিক্রয়কেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি। এটি দেশে বেস্ট বাইয়ের ৫৫০তম বিক্রয়কেন্দ্র। এখানে গ্রাহকরা পাবেন গৃহস্থালিসামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, গ্রোসারি, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্লাস ওয়্যারসহ বিভিন্ন পণ্য। এছাড়া রয়েছে মোবাইল ফোন, এক্সেসরিজ ও হার্ডওয়্যার। পাশাপাশি কসমেটিকস ও টয়লেট্রিজ, ফ্যাশন ও বিউটি এক্সেসরিজও পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দৈনন্দিন চাহিদা পূরণে এখানে রয়েছে ফার্মেসি ও হেলথ কেয়ার, বেবি কেয়ার, খেলনা ও স্পোর্টস, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম, ব্যাগ ও ট্রাভেল এক্সেসরিজ। এছাড়া লাইফস্টাইল পণ্যের জন্য আলাদা সেকশন রয়েছে, যা গ্রাহকদের প্রদান করবে একটি ভিন্নধর্মী কেনাকাটার অভিজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল বলেন, ‘গ্রাহকদের বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন এই বিক্রয়কেন্দ্রে গ্রাহকেরা ওয়ান-স্টপ সার্ভিস বা এক দরজায় সব সেবা পাবেন। এ ছাড়া দেশের সবচেয়ে বড় বিক্রয়কেন্দ্র হওয়ায় গ্রাহকেরা মনোরম পরিবেশে কেনাকাটা উপভোগ করতে পারবেন।’