পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম ইন্দ্রকুল গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জি এম ইয়াকুবের বাড়ির দেড় একরের বেশি জমি তাঁর ভাতিজার দখলে পড়ার অভিযোগ উঠেছে। সেই জমিতে জোর করে পুকুর খনন করে মাছ চাষ চালানো হচ্ছে।
জি এম ইয়াকুব ছিলেন দৈনিক সংবাদের সহযোগী সম্পাদক। তিনি ২০১১ সালে মারা যান। তাঁর স্ত্রী ও সন্তানেরা ঢাকায় বসবাস করেন।
মুক্তিযোদ্ধার স্ত্রী আছিয়া খান জানান, ইসমাইল হোসেনের ছেলে রেজোয়ান সিনা (৪৫) ঢাকায় থাকার সুযোগ নিয়ে তাঁর স্বামীর ১ একর সাড়ে ৫৭ শতাংশ জমি দুই বছর ধরে জোর করে দখল করে ভোগ করছেন। ওই জমিতে জোরপূর্বক পুকুর খনন করে মাছ চাষ শুরু করেছেন। জমি ছেড়ে দিতে বললে তিনি তিন লাখ টাকা দাবি করেন। প্রয়াত স্বামীর জমি উদ্ধারের জন্য আছিয়া খান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করে রেজোয়ান সিনা মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, "তাঁর বিরুদ্ধে জমি দখল ও টাকা দাবির অভিযোগ সঠিক নয়। কেন এ রকম অভিযোগ করা হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।"
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান বলেন, একজন প্রয়াত মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের জমি বেদখলের ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি সমাধানের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।






