যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ বাংলাদেশি নাগরিকদের তাদের দূতাবাস থেকে ভিসাসহ সেবা গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এসব দেশ একটি যৌথ বিবৃতিতে স্পষ্ট নির্দেশনা জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এই ১৩টি দেশের তালিকায় রয়েছে—যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ঢাকায় অবস্থিত জার্মানি সহ কয়েকটি দেশের দূতাবাস তাদের ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করেছে।
যৌথ বিবৃতিতে জোর দেওয়া হয়েছে, ভিসার জন্য আবেদন করতে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া মেনে চলতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সাহায্য নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি-প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এ ধরনের অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা দেখা দিতে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে যুক্ত নয়। তাই ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করতে বিশেষভাবে বলা হয়েছে। আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সবকিছু সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত হবে।






