দক্ষিণি চলচ্চিত্রজগতে বিজয়ের সঙ্গে তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গুঞ্জন তোলপাড় করে দিয়েছে। তবে এসব ছাপিয়ে তৃষার ব্যক্তিগত জীবন নিয়ে চলমান জল্পনা এখন সবচেয়ে আলোচিত। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, তৃষা নাকি বিবাহিত এবং তাঁর সন্তানও আছে। এছাড়া অভিনয় থেকে বিরতি নেওয়ার গুঞ্জনও উঠেছে। এবার এসব জল্পনায় তৃষা নীরবতা ভেঙেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করে তিনি ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, ‘সিনেমা ছেড়েছি, ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি, চার সন্তানের মা...আর কিছু বাকি আছে? সব মিলিয়ে যেন একটা গল্পের বই।’

এই গুজবের সূত্রপাত একাধিক প্রতিবেদন থেকে, যেখানে দাবি করা হয়েছে তৃষা চলচ্চিত্রজগৎ ছেড়ে সরে যাচ্ছেন। কিছু প্রযোজকও নাকি এমন ইঙ্গিত দিয়েছেন বলে খবর ছড়িয়েছে। কিন্তু অভিনেত্রী এসব দাবি সরাসরি খারিজ করে দিয়ে জানিয়েছেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কল্পনা।

দক্ষিণি তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন। বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। অভিযোগের তীর পড়েছে তৃষা কৃষ্ণানের দিকে। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই তৃষার মা উমা কৃষ্ণানের এক প্রতিক্রিয়া নতুন গুজবের জন্ম দিয়েছে।

বিজয় ও তৃষাকে এক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে এই জল্পনা জোরালো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের তৈরি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে দুজনে শিগগিরই বিয়ে করতে পারেন। আলোচনায় নতুন মোড় এলে যখন তৃষার মা সেই ভিডিওতে ‘লাইক’ দেন। এতে ভক্তরা মনে করছেন, এটি তাঁদের সম্পর্কের ইঙ্গিত হতে পারে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে