আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে ফেসবুকে আদালত অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এম এইচ পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একই পোস্টে লাইক, শেয়ার এবং অবমাননাকর মন্তব্য করা ব্যক্তিদেরও গ্রেপ্তার করে তাঁদের ডিভাইস জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের আবেদনমূলক প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এই আদেশ জারি করে। এম এইচ পাটোয়ারী বাবুকে গ্রেপ্তারের জন্য তাঁর বাসায় অভিযান চালানো হয়েছে, কিন্তু তিনি পলাতক। তাঁর বাসা থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়।
ট্রাইব্যুনালের আদেশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত এম এইচ পাটোয়ারী বাবু নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তাঁর বাসা রাজধানীর মিরপুরের পশ্চিম সেনপাড়ায় অবস্থিত। এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে করা পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা ‘খাওয়ার’ অভিযোগ তোলা হয়েছে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা মুক্তকণ্ঠকে বলেন, অভিযুক্ত ব্যক্তির বাসায় অভিযান চালানো হলেও তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে সেখানে স্যামসাং ব্র্যান্ডের একটি মুঠোফোন জব্দ করা হয়েছে, যেটিতে এম এইচ পাটোয়ারী বাবুর ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
প্রসিকিউটর আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ৫০টি ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও অভিযান চলছে।






