রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ বুধবার শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বদলানোর নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। তিনি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অন্যদিকে, সরদার মোশাররফ হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা।

মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গত ১৮ ফেব্রুয়ারি আদালত আমলে নেন। সেদিনই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল দুদক এই মামলা করে। ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।