দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই গানে অভিনয় করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। মুক্তির পরপরই অনেক দর্শক গানের ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা শুরু করেন। গানের সঙ্গে নাচকেও ‘অশালীন’ বলে নিষিদ্ধের দাবি ওঠে এবং গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। গানের অশালীন কথা ও কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে ভারতের জাতীয় নারী কমিশন নড়েচড়ে বসেছে। গত সোমবার এক শুনানিতে কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সৃজনশীলতার দোহাই দিয়ে নারীর সম্মান ক্ষুণ্ণ করা মোটেই বরদাশত করা হবে না।
গানটি নিয়ে অভিযোগ ওঠার পর ভারতের জাতীয় নারী কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে। সোমবারের শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু অভিনেত্রী নোরা ফাতেহি অনুপস্থিত ছিলেন। নোরার পক্ষ থেকে তাঁর আইনজীবী উপস্থিত হলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেনি। অভিনেত্রীকে সশরীরে হাজির হওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। অন্যদিকে, অভিনেতা সঞ্জয় দত্তকে ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানির সময় জাতীয় নারী কমিশনের চেয়ারপারসন অত্যন্ত অসন্তোষ প্রকাশ করে বলেন, “সৃজনশীলতার নামে নারীর মর্যাদার সঙ্গে আপস একেবারেই করা যায় না।” ছবির নির্মাতারা দাবি করলেও যে তারা গানের কথার গভীর অর্থ বুঝতে পারেননি, কমিশন সেই যুক্তি খারিজ করে দিয়েছে। শেষমেশ নির্মাতারা লিখিত ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। আগামী তিন মাস তাঁরা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কাজ করবেন এবং সেই রিপোর্ট কমিশনে জমা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে






