রাজধানী ঢাকার ফুটপাতের হকারদের উচ্ছেদ নিয়ে আবারও বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। একদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসকরা হকারদের পুনর্বাসনের আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নির্দেশে উচ্ছেদ অভিযান চলছে। এতে পরস্পরবিরোধী অবস্থান সৃষ্টি হয়েছে বলে অভিযোগ।
মঙ্গলবার এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব কথা তুলে ধরেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সেইদিন দুপুরে রাজধানীর সদরঘাটে হকার উচ্ছেদের প্রতিবাদে সংগঠনটি কোতোয়ালি থানার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত বলেছেন, "এই দ্বৈত নীতি হকারদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। পুনর্বাসনের কোনো দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে উচ্ছেদ চালানো মানে হাজার হাজার পরিবারের রুটিরুজির পথ বন্ধ করে দেওয়া।" তিনি অভিযোগ করেন, একদিকে আশ্বাস, অন্যদিকে বুলডোজার—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ মেনে নেওয়া হবে না। দ্রুত সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত সভাপতি শাহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাটোয়ারী, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রাফিউল ইসলাম, তুলসী দাস প্রমুখ।






