শাকিব খানের প্রথমবারের নায়িকা হয়েছেন ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু। তাঁকে দেখা গেছে ঈদের ‘প্রিন্স’ সিনেমায়। সম্প্রতি সিনেমা নিয়ে কথা বলার সময় ব্যক্তিগত বিষয়ে খোলাখুলি কথা শোনা যায় এই নায়িকার মুখে। আলোচনায় প্রাক্তন প্রেমিকা এবং প্রেমের প্রসঙ্গ উঠে আসে।
বর্তমানে একা আছেন কি না—এমন প্রশ্নে জ্যোতির্ময়ী জানান, তিনি একাই রয়েছেন। তবে বিয়ে নিয়ে এখন কিছু ভাবছেন না। দেশের ভক্তরা ফেসবুকে তাঁর প্রতি বেশ আকৃষ্ট। অনেকেই নাকি তাঁর প্রেমেও পড়েছেন। সে খবরও শুনেছেন। তবে বাংলাদেশে বিয়ে করতে চান না এই নায়িকা।
সিঙ্গেল হলেও আগে প্রেমে জড়িয়েছিলেন জ্যোতির্ময়ী। সেই সম্পর্ক ভেঙে যায়। ‘আমাদের ভালোবাসাটা একই রকম ছিল। কোনো কারণে আমাদের সম্পর্ক টেকেনি। একটা চাবি দিয়ে কি সব তালা খোলা যায়! আমাদের একটু সমস্যা হয়েছিল। আমি কাউকে খারাপ বলছি না। ও ওর মতো, আমি আমার মতো। একটা সময়ে এসে মনে হচ্ছিল, সব ঠিকমতো হয়ে উঠছিল না,’ বলেন তিনি।
জ্যোতির্ময়ী বলেন, একটা সম্পর্ক শুরু হয় শতটা ভালোলাগা দিয়ে, কিন্তু নানা কারণে সেই বোঝাপড়া একসময় থাকে না। তাঁর ভাষ্যে, ‘আমরা নিজেরাই সম্পর্ক থেকে সরে এসেছি। ঝগড়া–ঝামেলা না করে আলাদা হয়ে যাই। পরে তারও মনে হয়েছিল, অন্য জায়গায় গিয়ে ভালো থাকতে পারবে। এখন সে তার মতো ভালো আছে। আমি আমার মতো আছি। আমি সব সময়ই মনে করি, একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সবার আগে দরকার বিশ্বাস। কারণ, আমরা বেঁচেই থাকি বিশ্বাসে।’
প্রাক্তনের কাছ থেকে কী শিখেছেন—এই প্রশ্নে জ্যোতির্ময়ী বলেন, ‘আমার প্রাক্তন আমাকে অনেক কিছু শিখিয়েছে। ওর কাছে শিখেছি ভালোবাসা। ওই প্রেমটাই খুব মনোযোগ দিয়ে করেছিলাম। সব মিলিয়ে আমরা একসময় ভালোই ছিলাম। কিন্তু সময় সব সময় একরকম যায় না।’
কলকাতার টেলিভিশন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর বড় পর্দায় অভিষেক হয় ‘প্রজাপ্রতি ২’ সিনেমা দিয়ে। গত বছরের বড়দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পায় দেব অভিনীত সিনেমাটি।






