পেশায় রাজমিস্ত্রি এক যুবক প্রেমের জন্য নিজেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) বলে পরিচয় দিয়েছিলেন। সম্পর্কের এক পর্যায়ে প্রমাণ চাইলে ভুয়া পরিচয়পত্র তৈরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরের প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবক মোস্তাফিজুর রহমান (২৫), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রংপুর নগরের প্রেসক্লাব মার্কেটের নিচতলায় আরটি প্রেস নামক দোকানে যান মোস্তাফিজুর রহমান। তিনি দোকানদারকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে জানান, আসল পরিচয়পত্র হারিয়ে গেছে, নতুন করে প্রিন্ট দিতে হবে। দোকানমালিক আসল পরিচয়পত্রের ফটোকপি চাইলে তা দিতে না পারায় সন্দেহের জন্ম নেয়। পরে তিনি দোকানমালিক সমিতিকে খবর দেন। সমিতির নেতারা এসে জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর স্বীকার করেন, ভুয়া পরিচয়পত্র তৈরি করতেই এসেছেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে রংপুর মহানগরের কোতোয়ালি থানায় নিয়ে যায়।

আটক অবস্থায় মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি পুলিশের আইডি কার্ড বানানোর জন্য আসছি। আমি একটি মেয়েকে ভালোবাসি, রিলেশন করি। তাকে দেখানোর জন্য আইডি কার্ড বানাতে আসছিলাম। তাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি পুলিশে চাকরি করি। প্রমাণের জন্য সে আইডি কার্ড দেখতে চেয়েছে। এ জন্য এআই দিয়ে আইডি কার্ড তৈরি করে হোয়াটসঅ্যাপে দোকানদারকে দিয়েছি যে আইডি কার্ড বের করে দেন।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান মুক্তকণ্ঠকে বলেন, অভিযুক্ত যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বাবাও এসেছেন।‌ জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।