সোনম কাপুরের দ্বিতীয় সন্তানের সুখবর ছড়িয়ে যাবার কিছুদিন পরই আরেক বলিউড তারকা সুখবর জানিয়েছেন। মা হতে চলেছেন কারিশমা তান্না। গতকাল সোমবার একগুচ্ছ ছবি শেয়ার করে দুই থেকে তিন সংখ্যায় পৌঁছানোর খবর দিয়েছেন তিনি।

ছোট্ট জুতা এবং মম-ড্যাড লেখা টুপি পরে নানা ভঙ্গিতে ক্যামেরায় ধরা পড়েছেন হবু মা-বাবা কারিশমা তান্না ও বরুণ ভাঙ্গেরা। যৌথ পোস্টে খুশির খবর জানিয়ে লিখেছেন, ‘মিরাকল ঘটতে চলেছে। আমাদের জীবনের সেরা উপহারটা পাব অগাস্টে।’ পরিবারে খুব শীঘ্রই নতুন সদস্য যোগ হতে চলেছে—এই খবর শেয়ার করতেই শুভকামনা ও ভালোবাসায় ডুবে আছেন দম্পতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের পর ভক্ত থেকে সহকর্মী পর্যন্ত কারিশমাকে অভিনন্দন জানাচ্ছেন।

সহ-অভিনেত্রী খুশি কাপুর শুভেচ্ছা জানিয়েছেন। ২০১৭ সালে ‘মম’ ছবির সিকুয়েলে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কারিশমা। বলিউড ডিভা দিয়া মির্জা, জেসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ অনেকে হবু মাকে অভিনন্দন জানিয়েছেন।

উপেন প্যাটেলের সঙ্গে প্রেম ভাঙার পর বরুণকে বিয়ে করে কারিশমা তান্না জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

২০২১ সালের ৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বরুণের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কারিশমা। বিয়ের পাঁচ বছর পর সন্তানসুখ লাভের জন্য দুজনেই উত্তেজিত। হিন্দি মিডিয়া থেকে সিনেমা, সিরিজে অভিনয় করে কারিশমা দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। হিন্দি টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করেন গুজরাটের এই কন্যা। ধীরে ধীরে কাজের ক্ষেত্র প্রসারিত হয় সিনেমা-সিরিজে।

হংসল মেহতার ‘স্কুপ’ সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন কারিশমা। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ মডেল উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৬ সালে সেই প্রেম ভাঙে এবং ২০২২ সালে বরুণকে বিয়ে করে নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে