জামালপুর শহরের বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানি সংগ্রহ করে মজুত করা এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে শ্বশুর-জামাইকে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার রাতে এ সাজা কার্যকর হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. হাবিব (৪৫) এবং তাঁর জামাই নাজমুল হাসান (৩৩)। মো. হাবিব শহরের গেটপাড় এলাকার একটি ওয়ার্কশপের মালিক। গতকাল রাতে তাঁদের দুজনকে কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামাই-শ্বশুর জোটবদ্ধ হয়ে জামালপুর শহরের বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের সাহায্যে জ্বালানি সংগ্রহ করতেন। সেগুলো ড্রাম ও বোতলে নামিয়ে অবৈধভাবে মজুত করে রাখতেন এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলাবাজারে বিক্রি করছিলেন।

গতকাল রাতে নিজের ওয়ার্কশপের সামনে মোটরসাইকেলের ট্যাংক থেকে জ্বালানি নামিয়ে বোতলে ভরছিলেন হাবিব। তখনই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের নেতৃত্বাধীন দল সেখানে অভিযান চালায়। এ সময় হাতেনাতে হাবিব ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেন বলেন, "মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে ভরে জ্বালানি মজুত করছিলেন ওই দুজন।" পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬–এর বিধান লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।