মুক্তকণ্ঠ ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন ২০২৫ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মুক্তকণ্ঠ কার্যালয়ে এই সভা হয়। সভায় উপস্থিত ছিলেন মাহমুদা মুহসিনা বুশরা (সিনিয়র সাইকোথেরাপিস্ট ও কনসালটেন্ট) সিটি হাসপাতাল লিমিটেড এবং ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এবারের আলোচনার বিষয় ছিল- সন্তানকে মাদকমুক্ত করতে পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত?

সন্তানের বেড়ে ওঠার সময়ে বাবা-মায়েদের দায়িত্ব কীভাবে পালন করা উচিত? এ প্রশ্নে মাহমুদা মুহসিনা বুশরা বলেন, 'অনেক সময় আমরা মনে করি আমাদের সন্তানরা একটু বড় হয়ে গেছে। আবার সন্তানও এই সময়টা নিজেদেরকে একটু গুটিয়ে নেয়। তাদের একটা আলাদা জগত তৈরি হয়। তাদের ব্যক্তিত্বের গঠন শুরু হয়। নিজেদেরকে তারা পরিপূর্ণ মানুষ ভাবা মানে ব্যক্তি ভাবা শুরু করে। সেই ক্ষেত্রে তাদের ব্যক্তিত্বের গঠনের সাথে তারাও কিছুটা স্পেস চায় নিজেদের জন্য। কিন্তু ওই সময়টাই আমরা মনে করি ভালনারেবল। তাদের আচার আচরণ, দৈনন্দিন চলাফেরা এবং তাদের রুটিন ওয়ার্কগুলি তারা ঠিকমত করছে কিনা এই বিষয়গুলির দিকে খেয়াল রাখলে আমরা বুঝতে পারবো যে আমার সন্তানটি লেখাপড়ার সাথে তার যে চিত্ত বিনোদনের যে বিষয়গুলি সেগুলি ঠিকমত করছে কিনা কিংবা কোথাও বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে কিনা। সে স্কুল থেকে সময়মত ফিরছে কিনা বা তার আচরণে কোন পরিবর্তন আসছে কিনা, তার হবি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। যে সন্তানটি বই পড়ত অবসরে সে হঠাৎ করে তার আগ্রহ হারিয়ে ফেলছে কি না। এই বিষয়গুলি যখনই সামনে আসবে তাদেরকে সময় নিয়ে আমাদের বোঝাতে হবে। সন্তানের মতামতকে গুরুত্ব দিলে সেও বাবা-মায়ের মতামতকে গুরুত্ব দিবে । এভাবেই তাকে যে কোনো আসক্তি সম্পর্কে জানানো যাবে। আমরা যদি খেয়াল করি তাহলে বুঝবো যে সন্তানের কোন বিচ্যুতি ঘটছে কিনা বা তারা মাদকের ভয়াবহতা থেকে তারা মুক্ত কি না। সন্তানদের বেড়ে উঠার পুরোটা সময় একটা অবজারভেশনের মধ্যে রাখতে হবে।'