চট্টগ্রামের বাকলিয়ায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে যুবদল কর্মী মিনহাজ উদ্দিনের ওপর সন্ত্রাসীদের হামলায় এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আজ সোমবার দুপুরে বাকলিয়ার বলুয়ার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এর জেরে বলুয়ার দিঘির পাড় ও পাশের বউ বাজারে দফায় দফায় সংঘর্ষ চলে এবং কয়েকটি বাড়িতে হামলা হয়। এতে আরমান প্রকাশ এঞ্জেল নামের এক যুবক আহত হন।
আহত মিনহাজ উদ্দিন স্থানীয় মাস্টারপুলের বাসিন্দা এবং জাকির গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে, আরমান বউ বাজারের বাসিন্দা এবং সবুজ নামের একজনের অনুসারী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বলুয়ার দিঘিরপাড় থেকে আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন মিনহাজ। পথে অতর্কিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার এক হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ঢাকায় পাঠানো হয়।
মিনহাজের ওপর হামলার খবর ছড়াতেই বেলা দেড়টার দিকে দক্ষিণ বাকলিয়ার বউবাজার আহমদুর রহমান সড়কের কয়েকটি বাড়িতে তাঁর অনুসারীরা পাল্টা হামলা চালায়। এতে আরমান মারধরে আহত হন এবং তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বলুয়ার দিঘি এলাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি ও বাকলিয়া থানার অধীন। ফলে উভয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মুহাম্মদ কবির ভূঁঁইয়া মুক্তকণ্ঠকে বলেন, "এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিনহাজ নামের একজনকে কুপিয়ে হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এই ঘটনার জেরে তাঁর অনুসারীরা কয়েকটি বাড়িতে হামলা চালান। দুটি ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।"
উল্লেখ্য, এর আগে ৫ এপ্রিল বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘সন্ত্রাসী’ মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ ‘সন্ত্রাসী’ আবদুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও এলোপাতাড়ি হামলা করেন। এতে চারজন আহত হন। ঘটনার দিন পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ঘটনায় ব্যবহৃত শটগান ও দুটি গুলি।






