নেত্রকোনায় বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট চলমানের মধ্যে এক ব্যবসায়ী অতিরিক্ত লাভের লোভে গুদামে ৪ হাজার ৩০০ লিটার ডিজেল মজুত করেছিলেন। গোপন সংবাদ পেয়ে প্রশাসন কর্মকর্তারা অভিযান চালিয়ে সেই জ্বালানি জব্দ করেন এবং ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকার মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স নামক দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে মজুত করা ডিজেলগুলো জব্দ করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক রহমতউল্লাহকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করে।

স্থানীয় বাসিন্দা ও জেলা প্রশাসন সূত্র জানায়, জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা করার উদ্দেশ্যে রহমতউল্লাহ দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করে আসছিলেন। তিনি গোপনে সংগ্রহকৃত এই জ্বালানি গুদামের বেশ কয়েকটি ড্রামে রেখেছিলেন।

সন্ধ্যায় সরকারি কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে রাখা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দের সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ওয়াহিদুজ্জামান বলেন, পেট্রোলিয়াম আইন, ২০১৬–এর ৬ (ক) লঙ্ঘনের অপরাধে ২০ (১) ধারামতে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। এ ছাড়া মজুত করা অবৈধ ৪ হাজার ৩০০ লিটার ডিজেল স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় নিয়ে কাছের ফিলিং স্টেশনে সর্বসাধারণের কাছে সরকারি রেটে বিক্রয়ের উদ্দেশ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।