ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিতে অনুষ্ঠিত এক সপ্তাহব্যাপী ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ সোমবার বিকেলে ঢাকা জেলা পুলিশ লাইনস মাঠে ফাইনাল খেলায় পর্দা পড়ে।
ফাইনাল ম্যাচে পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের লাল দল এবং ষষ্ঠ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কোর্সের সবুজ দল একে অপরের মুখোমুখি হয়।
টুর্নামেন্টটি আয়োজন করেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আবদুল হালিম। তিনি বলেন, টিডিএসে প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে ধারণা ছড়িয়ে দেওয়া এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যরা শারীরিকভাবে আরও সক্রিয় হবেন এবং আধুনিক বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান স্মরণে রাখবেন।
টিডিএস-এ প্রথমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। এ সময় ট্রেনিং শাখার কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।






