কক্সবাজারের টেকনাফে একটি ট্রলারের জালে একসঙ্গে ১০১ মণ ইলিশ ধরা পড়েছে। এই ইলিশ বিক্রি করে জেলেরা প্রায় ৩৩ লাখ টাকা পেয়েছেন। দীর্ঘদিন পর এত বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় জেলেরা আনন্দিত।

গতকাল রোববার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ ট্রলারের জালে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের মৌলভীরকুম এলাকায় এসব ইলিশ ধরা পড়ে। বিকেলে শাহপরীর দ্বীপ জেটিঘাটের একটি আড়তে ইলিশগুলো বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি নুরুল ইসলাম (৪৫) বলেন, গত শুক্রবার ১৫ জন জেলে নিয়ে তাঁরা সাগরে যান। শনিবারও একই এলাকায় জাল ফেললেও তেমন মাছ পাওয়া যায়নি। তবে রোববার ভোরে আবার জাল ফেললে কয়েক হাজার ইলিশ ধরা পড়ে। আড়তে মাপার পর মোট ১০১ মণ ইলিশ পাওয়া যায়। এর মধ্যে প্রতি মণ ৩৩ হাজার টাকা দরে ১০০ মণ বিক্রি করে ৩৩ লাখ টাকা পাওয়া গেছে। বাকি এক মণ ইলিশ ট্রলারমালিক, জেলে ও তাঁদের পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গণি বলেন, ১৪ এপ্রিল থেকে সারা দেশে ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। এর আগে কয়েক মাস টেকনাফের অন্তত ১০ হাজার জেলে প্রায় বেকার ছিলেন। জ্বালানিসংকটের কারণে তিন শতাধিক ট্রলার সাগরে যেতে পারছে না, আর গেলেও মাছ মিলছিল না।

আবদুল গণি বলেন, এমন পরিস্থিতিতে একটি ট্রলারের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার খবরে জেলেপল্লিতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকে আবার সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন।