প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে একটি মামলায় দুই দফায় মোট ১১ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ার জন্য পুলিশ এবার তাঁকে আরও তিন দিন হেফাজতে পেয়েছে।
১১ দিন আগে গ্রেপ্তারের পর থেকে তাঁকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলায় প্রথম দফায় পাঁচ দিন এবং দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। দ্বিতীয় দফার রিমান্ড শেষে আজ সোমবার মামলার তদন্তকারী ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক কফিল উদ্দিন তাঁকে ঢাকার আদালতে হাজির করেন। তিনি আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড চেয়ে আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে মামুন খালেদের কাছ থেকে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক। আসামির দেওয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে। সেইজন্য তাঁকে আবার হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা দরকার।
রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন শুনানি করেন। অন্যদিকে আসামির পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিলের জন্য শুনানি করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে গত ২৫ মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে ডিবি আটক করে। তিনি ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরও তিনি একই পদে ছিলেন। এরপর ২০১১ সালে ডিজিএফআইয়ের মহাপরিচালক হন এবং এই পদে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন। ২০১৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) উপাচার্য ছিলেন। সামরিক বাহিনী থেকে অবসরের পর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহ-উপাচার্য হন তিনি।
জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বরের ফলপট্টিতে হামলা চালিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ করা হয়েছে, মামুন খালেদের নির্দেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা সেদিন আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি চালায়। তাতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মারা যান।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে।






