যুক্তরাজ্যপ্রবাসী মো. মশিউর রহমান (মামুন) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আজ সোমবার এই অভিযোগ দায়ের করেন মশিউর রহমান। গুম ও নির্যাতনের অভিযোগ করতে দেশে ফিরেছেন তিনি। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন বলে জানান।
শেখ হাসিনা ও মামুন খালেদ ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধেও অভিযোগ দিয়েছেন মশিউর রহমান। অভিযোগপত্রে সবার নাম প্রকাশ করেননি তিনি। অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেও অভিযোগ করেছেন।
মুক্তকণ্ঠকে মশিউর রহমান বলেন, ২০১৩ সালে তাঁকে প্রথমবার গুম করা হয়। এরপর ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবার তাঁকে গুম করে। গুম অবস্থায় দীর্ঘ ছয় মাস তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়। ২০১৫ সালের ২৩ আগস্ট তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) গারদে রাখা হয়। পরে আদালতে হাজির করে রিমান্ড নেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। কারাবাস শেষে মুক্তি পেয়ে তিনি একসময় যুক্তরাজ্যে চলে যান।
মশিউর রহমান বলেন, তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন। গুম, নির্যাতনের কারণে এখন তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না।






