রাজবাড়ী শহরের পান্না চত্বরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে সেলিনা আক্তার ওরফে ঝরনা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সেলিনা আক্তার বালিয়াকান্দি উপজেলা সদরের প্রয়াত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা। পরিবার সূত্রে জানা যায়, সকালে বালিয়াকান্দির নিজ বাড়ি থেকে তিনি নাতনি ও জামাতা কাজী হুমায়ুন কবিরকে নিয়ে আদালতের কাজে রাজবাড়ী শহরে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের আদালত এলাকায় রেখে তিনি নিজে রেলগেট এলাকার একটি হোটেলে নাশতা করতে রিকশায় যান। পথে পান্না চত্বর পার হওয়ার সময় তাঁর ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি পাকা সড়কে পড়ে যান এবং মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাজীব দে সরকার বলেন, সকাল পৌনে ১০টার দিকে সাংবাদিক সোহেল মিয়ার মাকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে দেখেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য লাশ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর ছেলে সাংবাদিক সোহেল মিয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।