গতকাল রোববার মধ্যরাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাত সোয়া ১১টার দিকে আগুন লাগলেও ফায়ার সার্ভিস দিবাগত রাত সোয়া ১২টায় তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের পরিদর্শক যীশু তালুকদার মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি রাত পৌনে একটার দিকে জানান, গতকাল রাত ১১টা ৩৩ মিনিটে তারা আগুনের খবর পান। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সোয়া ১২টার দিকে আগুন নেভানো হয়।

ফায়ার সার্ভিসের সদস্যদের সূত্রে জানা গেছে, বিমানবন্দরের দোতলায় অবস্থিত ইমিগ্রেশন সার্ভার রুমে আগুনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষতির পরিমাণ কতটা, তা এখনও জানা যায়নি। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘণ্টাখানেক ধোঁয়া অপসারণের কাজও করে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ মুক্তকণ্ঠকে বলেন, সব ফ্লাইট ছাড়ার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। তাই ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। এ ছাড়া আগুনে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতেও ফ্লাইটে কোনো প্রভাব পড়বে না।