আন্তর্জাতিক বক্স অফিসে তিন মাস ধরে চলছে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা। হলিউডের সিনেমাগুলো নিয়মিত শীর্ষ জায়গা দখল করলেও এবার তারা তালিকা থেকে খসে পড়ছে। এ বছর এখন পর্যন্ত আয়ে শীর্ষে থাকা ১০ সিনেমার ৪টিই চীনা। বিগত বছরের তুলনায় এটা রেকর্ড। এছাড়া চলতি বছর প্রথমবারের মতো বলিউড সিনেমাও তালিকায় জায়গা করে নিয়েছে। গত শুক্রবার পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলা শীর্ষ ১০ সিনেমার আয় সম্পর্কে জেনে নিন।

চীনের মান্দারিন ভাষার সিনেমা ‘পেগাসাস-৩’ গত ২৭ ফেব্রুয়ারি মুক্তি পায়। মুক্তির শুরু থেকেই এটি বক্স অফিসে দাপট দেখাচ্ছে। গত এক মাসেও আয়ে শীর্ষে রয়েছে সিনেমাটি। সব মিলিয়ে এর আয় ৬০ কোটি ডলার।

২০ মার্চ মুক্তি পায় ‘প্রজেক্ট হেইল মেরি’। সায়েন্স ফিকশন সিনেমাটি দ্রুত আয়ের তালিকায় ২ নম্বরে উঠে এসেছে। রায়ান গসলিং অভিনীত এই সিনেমার আয় ৩৩ কোটি ডলার। একজন বিজ্ঞানশিক্ষকের রহস্যময় গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। আয়ের তালিকায় অ্যানিমেল অ্যাডভেঞ্চার ‘হোপারস’ ৩ নম্বরে রয়েছে। হলিউডের এই সিনেমার আয় ৩০ কোটি ডলার।

অন্যদিকে ‘ওয়েদারিং হাইটস’ ২৩ কোটি ডলার আয় করে বর্তমানে ৪ নম্বরে রয়েছে। রোমান্টিক জনরার এই সিনেমায় ঐতিহাসিক প্রেক্ষাপটে হিথক্লিফ ও ক্যাথরিনের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।

মাস্ক পরে শহরে হামলা চালায় ভয়ংকর খুনি, এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের রহস্য। সিনেমাটির নাম ‘স্ক্রিম-৭’। বক্স অফিস আয়ে এটি ৫ নম্বরে রয়েছে। হরর ও রহস্যময় এই সিনেমা গত ২৭ ফেব্রুয়ারি মুক্তি পায়। এর আয় ২০ কোটি ডলার। চীনের ‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস’ ৬ নম্বরে রয়েছে, আয় ১৯ দশমিক ৮ কোটি ডলার।

৭ নম্বরে জায়গা করেছে চীনের আরেক সিনেমা ‘স্কেয়ার আউট’। গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস হওয়াকে কেন্দ্র করে থ্রিলার ও ড্রামা জনরার এই ছবি গত ১৭ ফেব্রুয়ারি মুক্তি পায়। এর আয় ১৮ দশমিক ৬ কোটি ডলার। ৮ নম্বরে অ্যানিমেশন সিনেমা ‘গোট’, যার গল্প একটি ছাগলের স্বপ্ন পূরণ নিয়ে। এর আয় ১৮ কোটি ডলার।

আন্তর্জাতিক বক্স অফিসে ১০-এর মধ্যে বলিউডের সিনেমা খুব কম দেখা যায়। এবার ‘ধুরন্ধর ২’ ৯ নম্বরে জায়গা করে নিয়েছে। রণবীর সিং অভিনীত এই সিনেমা ১৯ মার্চ মুক্তি পেয়ে অল্প সময়েই আন্তর্জাতিক বাজার থেকে ১৫ কোটি ডলারের বেশি আয় করেছে।

১০ নম্বরে রয়েছে ‘বুনি বিয়ার্স: দ্য হিডেন প্রোটেক্টর’। এটিও চীনের সিনেমা, আয় ১৪ কোটি ডলার। দুই ভালুক বন রক্ষার মিশনে যুক্ত হয়ে গুপ্ত বিপদ থেকে বনকে রক্ষা করার গল্প এই সিনেমার। ১৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এটি মুক্তি পায়।