বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছে আদালত।
আজ রোববার শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেয়।
নোবেলের আইনজীবী মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নোবেলকে হানি ট্র্যাপের মাধ্যমে এই মামলায় ফাঁসানো হয়েছে। এ ছাড়া মামলার অন্যান্য অভিযোগও মিথ্যা। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন।”
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আদালত আপসের শর্তে নোবেলের জামিন মঞ্জুর করেছিলেন। কিন্তু আপসের শর্ত ভঙ্গ হওয়ায় গত বৃহস্পতিবার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুসারে, বাদীর সঙ্গে আসামি নোবেল প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি বাদীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে টাকা ফেরত না দিয়ে আত্মসাত করেন। অন্য আসামিরাও নোবেলকে এ কাজে সহযোগিতা করেন।
আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে গত ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদনের আলোকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তাঁর মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক। এরপর গত ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পূর্বে নোবেল ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানার একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পর ২৪ জুন তিনি জামিন পান।






