গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা সেনানিবাসের সাবজেলে বন্দি লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান। ২০ এপ্রিল তাঁর স্ত্রীর সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখ নির্ধারিত। এ সময় স্ত্রীর পাশে থাকার অনুমতি তাঁকে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ রোববার এই আদেশ জারি করে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন এই তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য দুজন সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী জানান, মশিউর রহমানের স্ত্রী গর্ভবতী। সম্মিলিত সামরিক হাসপাতালে ২০ এপ্রিল তাঁর সন্তান জন্মদানের সম্ভাব্য দিন ধার্য আছে। স্ত্রীর প্রত্যাশা, সন্তানজন্মের সময় মশিউর রহমান পাশে থাকুন। এজন্য তাঁর জামিন চেয়েছেন আইনজীবী।
ট্রাইব্যুনাল জামিন প্রদান করেনি। তবে সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকার নির্দেশ দেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টিএফআই সেলে গুম করে রাখার ঘটনায় ১৭ জন আসামি, যার মধ্যে বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তা। এর মধ্যে ১০ সেনা কর্মকর্তা ঢাকা সেনানিবাসের সাবজেলে রয়েছেন। তাঁদের একজন লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান।






