কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল বা জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে রোববার দুপুরে পাশাপাশি রাখা তিনটি বাসে হঠাৎ আগুন লাগে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই বাসগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, টার্মিনাল এলাকায় বাসগুলোতে আগুন দেখে স্থানীয় লোকজন তাৎক্ষণিক খবর দেন। এরপর নগরের ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নামে।

টার্মিনালের বাসচালক ও সহকারীদের জানানো মতে, রয়েল কোচ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এই তিনটি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত ছিল। ঢাকা-কুমিল্লাসহ বেশ কয়েকটি সড়কে এই পরিবহনের বাস চলাচল করে। রোববার দুপুরে হঠাৎ এগুলোতে আগুনের সূত্রপাত ঘটে।

টার্মিনাল–সংশ্লিষ্টদের অভিযোগ, বাসগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভেতরে মাদকসেবীরা নেশা করত। তাদের ব্যবহারের আগুন, নাকি দুর্বৃত্তরা আগুন দিয়েছে, এটি কেউ নিশ্চিত হতে পারেননি। তবে বাসগুলোতে মাদকসেবী বা কোনো দুর্বৃত্ত আগুন দিয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। কারণ এভাবে হঠাৎ সেখানে আগুন ধরার কোনো কারণ নেই।

রোববার বিকেলে কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে স্থানীয় লোকজন জানিয়েছে, বাসগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেগুলোর ভেতরে মাদকসেবীদের আনাগোনা ছিল। তাদের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।"