চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নামার পর পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামের দুই ভাইয়ের জীবনহানি হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির সন্তান।

শিশু দুটির পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় ইয়াসিন ও রাসেল পড়াশোনা করত। প্রতিদিনের মতো তারা মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে ফিরে পুকুরে গোসল করতে নামে। তাদের মা তখন সাংসারের কাজে ব্যস্ত ছিলেন। পুকুর থেকে তারা উঠে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন, দুই ভাইয়ের মরদেহ পানিতে ভেসে আছে। পরে স্বজনরা মরদেহ দুটি উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জানান, আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান সময়ে অতিরিক্ত গরম পড়ছে। এ সময় সাঁতার না জানা শিশুরা একটু ঠান্ডা পেতে পুকুরে বা ডোবায় নেমে দুর্ঘটনার শিকার হয়। শিশুদের মা–বাবা ও পরিবারের লোকজন সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে শিশুদের গতিবিধি লক্ষ রাখতে হবে।