মাত্র ১৪ দিন আগে আর্সেনাল ট্রেবল তো দূরে থাক, কোয়াড্রপলের স্বপ্নও দেখছিল। কিন্তু দুই সপ্তাহের মধ্যেই সেই স্বপ্ন দুই টুকরো হয়ে গেছে।

মার্চের আন্তর্জাতিক বিরতির আগে কারাবাও কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হার ছিল বড় ধাক্কা। কিন্তু তার চেয়েও বড় ধাক্কা এসেছে এফএ কাপে। যে দলটি প্রিমিয়ার লিগে নেই, লিগ চ্যাম্পিয়নশিপে ৭ থেকে ৮ নম্বরের মধ্যে ঘোরাফেরা করছে, সেই সাউদাম্পটনের কাছে গতকাল এফএ কাপ কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরেছে মিকেল আরতেতার আর্সেনাল।

অর্থাৎ, টানা দুই ম্যাচে দুটি শিরোপা হাতছাড়া। এখন বাকি রয়েছে শুধু প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। তবে সাম্প্রতিক খারাপ ফর্ম দেখে আর্সেনাল ও সমর্থকদের এই দুই ট্রফি নিয়েও শঙ্কা বাড়ছে।

প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় এখনও আর্সেনাল শীর্ষে, ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। সিটি এক ম্যাচ কম খেলেছে। সেখানে ৩ পয়েন্ট পেলেও আর্সেনাল ৬ পয়েন্ট এগিয়ে থাকবে।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালেও চাপ তুলনামূলক কম। আট দলে সবচেয়ে দুর্বল বলে বিবেচিত স্পোর্তিং সিপি তাদের প্রতিপক্ষ। উপরন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে।

কিন্তু কারাবাও কাপ ও এফএ কাপের তেতো হার এই স্বস্তি অস্বস্তিতে পরিণত করেছে। দুই হারে শুধু শিরোপা সরেনি, ২০২৫-২৬ মৌসুমে আর্সেনাল প্রথমবার টানা দুই ম্যাচে হেরেছে।

টানা ৭ মাস ম্যাচের পর ম্যাচ, টুর্নামেন্টের পর টুর্নামেন্টে ভালো খেলে জমা আত্মবিশ্বাস যেন এক নিমেষে ফুটো হয়েছে। ২০০৪ সালের পর প্রথম লিগ জয়ের সুযোগ পিছলে যাবে কি না, সে নিয়ে সংশয়। সাবেক আর্সেনাল ফরোয়ার্ড থিও ওয়ালকট বলেছেন, “তারা আগেও এ ধরনের পরিস্থিতিতে পড়েছিল, নিশ্চয়ই সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাইবে না।”

গ্রীষ্মে ২৫ কোটি পাউন্ড খরচ করে দল গড়া আর্সেনালের এই অবস্থায় ওয়ালকট অস্থিরতার প্রভাব দেখছেন। তিনি বলেন, “সাইডলাইনে মিকেলকে দেখে মনে হচ্ছিল গত কয়েক বছরের কিছু প্রতিচ্ছবি সেখানে ফুটে উঠছে, যে অস্থিরতা দলের মধ্যেও প্রতিফলিত হচ্ছিল। শুধু মিকেলই নন, মাঝেমধ্যে অনেক স্টাফ সেখানে উপস্থিত ছিলেন। এটা অনেকটা অতি সন্নাসীতে গাজন নষ্টের মতো।”

কোচ আরতেতা ফর্ম পড়ে যাওয়ায় খেলোয়াড়দের দোষ দিতে চান না। তিনি বলেন, “৯ মাস ধরে খেলোয়াড়েরা যা করেছে, তা অসামান্য। তারা যেভাবে এখানে চেষ্টা করেছে, তাতে কোনো ম্যাচ হেরে গেলে আমি তাদের সমালোচনা করব না।”

আরতেতার জন্য বড় মাথাব্যথা চোটের সমস্যা। কারাবাও কাপ ফাইনালের দলে থেকে এফএ কাপে সাতটি পরিবর্তন করতে হয়েছে। আন্তর্জাতিক বিরতির আগে ১১ খেলোয়াড় নাম প্রত্যাহারের পর গুঞ্জন উঠলেও সাউদাম্পটন ম্যাচে ডেকলান রাইস, বুকায়ো সাকা ও লিয়ান্দ্রো ত্রোসা স্কোয়াডে ছিলেন না, উইলিয়াম সালিবা বেঞ্চে।

গ্যাব্রিয়েল মাগালাইসের হাঁটুর চোট মড়ার উপর খাঁড়া। মৌসুমের শেষে এত চোট যেকোনো দলের জন্য শঙ্কার কথা, বিশেষ করে শিরোপার কাছাকাছি থাকলে।

সাবেক ইংলিশ ডিফেন্ডার মিকাহ রিচার্ডস মনে করেন, সিটি এখন আর্সেনালকে তাড়া করবে। আর্সেনাল তিনবার রানার্সআপ হয়েছে (সর্বশেষ তিন মৌসুমে), দুবার চ্যাম্পিয়ন সিটি। এপ্রিলে ইতিহাদে ম্যাচ, সিটি কারাবাও কাপ জিতে উজ্জীবিত। রিচার্ডস বলেন, “কয়েক সপ্তাহ আগেও মানুষ বলছে আর্সেনাল কোয়াড্রপল জিতবে। এখন টিকে আছে মাত্র দুটিতে। ম্যান সিটি যেভাবে খেলছে, মনে হচ্ছে লিগের জন্য আর্সেনালকে শেষ পর্যন্ত তাড়া করে ফিরবে।”