লক্ষ্মীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ১৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এরা ভর্তি হয়। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট ৩০ শিশু চিকিৎসাধীন রয়েছে।
এই ১৯ শিশুর মধ্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১৪ জন, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং রায়পুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১ জন ভর্তি। জেলার হাসপাতালগুলোর মধ্যে সদর হাসপাতালে সবচেয়ে বেশি রোগী। নতুন ভর্তির ফলে এখানে হামের লক্ষণ নিয়ে মোট ২১ জন রোগী রয়েছে। তারপর রামগতি হাসপাতালে ৫ জন ভর্তি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ১৯ শিশুকে হাম আইসোলেশন ওয়ার্ড বা কর্নারে রাখা হয়েছে। গত এক মাসে এই হাসপাতালগুলোতে মোট ৫৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ২৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে।
হামের লক্ষণযুক্ত রোগী সবচেয়ে বেশি লক্ষ্মীপুর সদর উপজেলায় চিকিৎসকেরা জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি ১৯ জনের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, রামগতিতে ৪ জন এবং রায়পুরে ১ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় মোট ৫৮ সন্দেহজনক রোগীর মধ্যে ৩২ জন লক্ষ্মীপুর সদরের, যা মোটের অর্ধেকেরও বেশি। এছাড়া কমলনগর ও রামগতিতে ৭ জন করে, রামগঞ্জে ৬ জন, রায়পুরে ৪ জন এবং লক্ষ্মীপুর পৌরসভায় ২ জন রোগী শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি এক শিশুর মা রুবিনা আক্তার বলেন, ‘দুই-তিন দিন ধরে আমার বাচ্চার জ্বর ছিল। পরে শরীরে লালচে দানা উঠতে শুরু করে। প্রথমে সাধারণ জ্বর মনে করেছিলাম, কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখন ডাক্তাররা বলছেন, হামের লক্ষণ। খুব দুশ্চিন্তায় আছি।’
লক্ষ্মীপুরের সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, জেলায় হামের লক্ষণ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অধিকাংশই সুস্থ হয়ে উঠছে।
আবু হাসান শাহীন জানান, যেসব শিশু নিয়মিত টিকার আওতায় আসেনি, তাদের মধ্যেই সংক্রমণের ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। তাই অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া সংক্রমণ প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন।






