মুক্তির তৃতীয় সপ্তাহেও ঈদের ছবিগুলোর প্রতি দর্শকদের আগ্রহ অটুট রয়েছে। ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে টিকিটের চাহিদা এখনো উল্লেখযোগ্য। তবে সন্ধ্যার পর প্রদর্শনী বন্ধের সম্ভাবনা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
ঢাকার স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসে পাঁচটি সিনেমা প্রদর্শিত হচ্ছে, যদিও শোয়ের সংখ্যায় পরিবর্তন এসেছে। তৃতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে ‘বনলতা এক্সপ্রেস’ সবচেয়ে বেশি ৩৩টি শো পাচ্ছে। এরপর ‘দম’ ২৬টি, ‘রাক্ষস’ ১৩টি, ‘প্রেশার কুকার’ ৯টি এবং ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ৭টি শো চলছে। লায়ন সিনেমাসে ‘রাক্ষস’ ৪টি, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’ ৩টি করে, ‘প্রিন্স’ ২টি এবং ‘প্রেশার কুকার’ ১টি শো রয়েছে। ব্লকবাস্টার সিনেমাসেও একই রকম চিত্র—‘বনলতা এক্সপ্রেস’ ৫টি, ‘দম’ ও ‘রাক্ষস’ ৩টি করে এবং ‘প্রিন্স’ ও ‘প্রেশার কুকার’ ১টি করে শো চলছে।
মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের জানামতে, তৃতীয় সপ্তাহেও দর্শকের উপস্থিতি সন্তোষজনক। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বললেন, “পাঁচটি ছবিই আমাদের এখানে চলছে। ছুটির দিন শুক্রবারেও সব ছবি হাউসফুল ছিল। শনিবারে দর্শক সাধারণত সপ্তাহের অন্যদিনের চেয়ে বেশি থাকে, তা–ই ছিল। এমনকি রোববারের সব সিনেমার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।”
কিন্তু মাল্টিপ্লেক্সের এই ভিড়ের বিপরীতে সিঙ্গেল স্ক্রিন হলগুলোর অবস্থা কিছুটা আলাদা। প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন জানান, “‘প্রিন্স’ সারা দেশে দুই সপ্তাহ চলেছে। তৃতীয় সপ্তাহে এসে ‘রাক্ষস’ চলছে। সামনের সপ্তাহ থেকে ‘দম’ আর ‘বনলতা এক্সপ্রেস’ও চলবে। সারা দেশে তৃতীয় সপ্তাহে সিনেমাগুলো মোটামুটি ভালো চললেও হলসংখ্যা ও দর্শক উপস্থিতিতে ওঠানামা দেখা যাচ্ছে। ১৩৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ তৃতীয় সপ্তাহে এসে কমতে শুরু করেছে, বর্তমানে শ খানেক হলে চলছে। অন্যদিকে ‘রাক্ষস’ তৃতীয় সপ্তাহে এসে ১৮টি সিঙ্গেল স্ক্রিনে জায়গা করে নিয়েছে।”
ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, প্রথম দুই সপ্তাহ ‘প্রিন্স’ চালানোর পর এখন ‘রাক্ষস’ প্রদর্শন করছেন। তবে দর্শক উপস্থিতি দ্রুত কমে যাচ্ছে। “প্রথম দিনে ৬০ ভাগ দর্শক ছিল, কিন্তু শনিবারে এসে ব্যবসা পড়ে গেছে। আগামী সপ্তাহে হয়তো অন্য কোনো ছবি তুলব,” বলেন তিনি।
এই পরিস্থিতির মধ্যে প্রদর্শনী সময়সূচি নিয়ে অনিশ্চয়তা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সরকার নির্ধারিত সময়ে বিপণিবিতান বন্ধের নির্দেশনার কারণে ব্লকবাস্টার সিনেমাস রোববার থেকে সন্ধ্যার পরের (পিক টাইম) শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ব্লকবাস্টার সিনেমাসের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, “সাধারণত অফিস শেষে পরিবার নিয়ে দর্শকেরা সন্ধ্যার পর সিনেমা দেখতে আসেন—ওটাই আমাদের পিক টাইম। কিন্তু এখন যদি এই সময়ের শো বন্ধ রাখতে হয়, তাহলে দর্শক তো হারাবই, ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত হব।” তিনি আরও জানান, এই পরিস্থিতিতে সামনে প্রদর্শনীর সূচি নতুন করে ভাবতে হতে পারে।
যদিও স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস এখনো এমন কোনো নির্দেশনা পায়নি, তবে তারাও শঙ্কিত। তাদের মতে, সন্ধ্যার পরের শোগুলোই সাধারণত সবচেয়ে বেশি দর্শক টানে—সেই সময় বন্ধ থাকলে সামগ্রিক ব্যবসায় বড় প্রভাব পড়বে।






