বিসিবির বোর্ড সভার পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রথমে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়। টি–টুয়েন্টিতে লিটন দাস এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো, মোহাম্মদ রফিককে বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ এবং ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। কিন্তু সম্মেলনের শেষের দিকে এসব বিষয় পেছনে পড়ে যায় এবং মূল আলোচনায় চলে আসে টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা।
এই বিষয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিতে হয় বিসিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত চার পরিচালককে। তাঁদের মূল যুক্তি, বিসিবির পক্ষ থেকে বিশ্বকাপ খেলার সব প্রকার প্রস্তুতি ছিল; তবে সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না।
জাতীয় দলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন আজ মিরপুরে সাংবাদিকদের বলেন, “সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল না।” নিরাপত্তা কারণে সরকারের সিদ্ধান্তের পর অন্য কিছু বলার সুযোগ ছিল না উল্লেখ করে তিনি বলেন, “ওখানে আমাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ ছিল না একটা পর্যায়ে গিয়ে।”
বোর্ড সভার আলোচিত সিদ্ধান্তগুলোর বাইরে বোর্ডের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের অনিয়ম তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ ৫ সদস্যের কমিটি গঠন করেছে। এর মধ্যে একে একে পদত্যাগ করেছেন চার পরিচালক। আজ বোর্ড সভার পর ডিসিপ্ল্যানারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমানও পদত্যাগ করেছেন। বিসিবির মিডিয়া কমিটির প্রধান মুখছেদুল কামাল বলেছেন, যেহেতু সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, তাই এ নিয়ে তাঁদের বলার তেমন কিছু নেই।
বর্তমান পরিচালনা পর্ষদের বোর্ডের ভবিষ্যৎ নিয়ে কোনো উদ্বেগ নেই বলে দাবি করেন তাঁরা। বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা বলেছেন, “আপনারা দেখবেন, আমরা যতগুলো সিদ্ধান্ত নিয়েছি, সবগুলোই ভবিষ্যতের দিকে তাকিয়ে নেওয়া।” সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবির আরেক পরিচালক ইফতেখার রহমান।
সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের অধিনায়কত্বের মেয়াদ ছিল। আজকের বোর্ড সভায় তাঁকে ২০২৮ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সহ–অধিনায়ক সাইফ হাসান। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সহ–অধিনায়ক নিযুক্ত হয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন। তাঁদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে এবং বিসিবির অধীনস্থ স্পিন বোলিং কোচের ঘাটতি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের জন্য পেনশন স্কিম চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে পেনশন দেওয়া হবে, এ নিয়ে আগামী বোর্ড সভায় প্রস্তাব দেবেন তারা।
অনেক বছর ধরে বন্ধ থাকা ক্রিকেটার ও সাংবাদিকদের জন্য অ্যাওয়ার্ড নাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিসিবি। এছাড়া বিদেশ ভ্রমণের জন্য ক্রীড়া সাংবাদিকদের স্কলারশিপ দেবে তারা।
ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেনি বিসিবি। তবে ‘অবৈধ’ আখ্যা দেওয়া ক্লাবগুলোকে রাজি করাতে না পারলে বিকল্প ভাবার কথা বলেছেন তারা।






