জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভোটারদের সঠিক প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ক্ষমতায় যাওয়ার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি বদলে ফেলা কাউকে নির্বাচিত করা যাবে না। প্রতিশ্রুতি ভঙ্গকারীদের বর্জন করতে হবে।
আজ শনিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের পক্ষে এ সভা আয়োজিত হয়।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার সংবিধানের বই হাতে নিয়ে নানা প্রতিশ্রুতির কথা বললেও বাস্তবে তারা গণভোট বা সংস্কার পরিষদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানতে চায় না। আমরা শহীদ রেজাউল করিমের মাটিতে দাঁড়িয়ে আজ কথা বলছি। তাই দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। জনগণের সঙ্গে যারা প্রতারণা করে, তাদের আর সুযোগ দেওয়া যাবে না।’
ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এ সময় দলীয় প্রার্থী মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতা–কর্মীসহ সমর্থকরা জনসভায় অংশ নেন। বক্তারা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন।
জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (ধানের শীষ), জামায়াতের মাসুদুর রহমান (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) মিজানুর রহমান (কাঁচি)।






