মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের পানিতে হাকালুকি হাওরের দুটি বিলে প্রায় ১০০ বিঘা জমির আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে। আশপাশের আরও দুটি বিলের ফসল এখন ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতিতে কৃষকেরা তাদের ফসল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ভুক্তভোগী কৃষকরা জানান, গতকাল শুক্রবার রাতে একটানা কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে। এছাড়া হাওরের সঙ্গে যুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি নেমেছে। আজ শনিবার সকাল থেকে হাওরের উগলা ও হাসইরডিবি বিলে পানি ঢুকতে শুরু করে। দুপুরের দিকে এই দুটি বিলের ধানখেত সম্পূর্ণ তলিয়ে যায়।
হাওরপারের ভূকশিমইল ইউনিয়নের মহেষগৌরী গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাফেজ আজ দুপুরে ফেসবুক লাইভে বিল দুটির অবস্থা দেখিয়ে বলেন, "সব ধান পানির নিচে চলে গেছে।" ভিডিওতে পানির নিচে থাকা আধা পাকা ধান অনেককে কেটে আনতেও দেখা যায়। তিনি জানান, পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের ফসল ঝুঁকির মুখে পড়েছে। সেখানে প্রায় ২০০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ফসল রক্ষায় দুটি বিলের পাশে উঁচু মাটির বাঁধ তৈরির জন্য কৃষকদের কোদাল-টুকরি নিয়ে সেখানে যাওয়ার আহ্বান তিনি জানান।
মহেষগৌরী গ্রামের কৃষক আমজদ আলী মুক্তকণ্ঠকে বলেন, উগলা বিলে তাঁর আট বিঘা জমির ধান এখন পানির নিচে। "দ্রুত পানি না নামলে ধান পচে যেতে পারে।"
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবার উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ভারী বৃষ্টিতে ও উজানের ঢলে হাওর এলাকার জমিতে পানি প্রবেশ করতে পারে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পানি দ্রুত নেমে যাবে, ফসলের তেমন ক্ষতি হবে না। তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান।






