ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে আজ শনিবার দুপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর। জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া না–হওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।
জ্বালানি তেলের সংকট নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে খাল, নদীখনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, খাল–জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে। ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদসহ জেলা–উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।






