মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে। এই বিজয় উদযাপনের সঙ্গে চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেবে বাফুফে। আজ সন্ধ্যায় বিজয়ী দলকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতিরঝিলে নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হবে।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ হলে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ছাদখোলা বিশেষ বাসে করে রাজধানীতে নিয়ে আসা হবে। সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে এই গুরুত্বপূর্ণ অর্জন সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সুলিভানদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাফুফে জানিয়েছে, আজ রাত ৭টা ৩০ মিনিটে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। সেখানে বাফুফে কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানাবেন। দেশের ফুটবলে সাফল্য উদযাপনের অংশ হিসেবে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে।
বাংলাদেশে ছাদখোলা বাসে ফুটবলারদের বরণ করে নেওয়া এখন জনপ্রিয় প্রথায় পরিণত হয়েছে। এর আগে গত বছরের জুলাইয়ে মিয়ানমার থেকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটে ফেরার পর নারী ফুটবল দলকে একইভাবে ভোররাতে সংবর্ধনা দেওয়া হয়েছিল। গত জানুয়ারিতে থাইল্যান্ড থেকে সাফ নারী ফুটসালের শিরোপা জিতে ফেরার পর সাবিনা-কৃষ্ণাদেরও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলে নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হয়। ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ।






