মুক্তকণ্ঠ ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ১৬২তম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মনোরোগ বিশেষজ্ঞরা পরামর্শ দেন। আলোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ উঠে আসে।

একজন শিক্ষক সভায় জানতে চেয়েছিলেন, কীভাবে তিনি শিক্ষার্থীদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে পারবেন। এর জবাবে মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার বলেন, ‘স্কুলশিক্ষার্থী বা তরুণদের সঙ্গে কৌশলে আচরণ করতে হবে। শিক্ষকের কাছে তরুণেরা যেন আস্থা পান, গ্রহণযোগ্যতা পান, তেমন পরিবেশ তৈরি করতে হবে। প্রথমেই নেতিবাচক কথা বলা যাবে না বা মাদক খারাপ, তা সরাসরি বলা যাবে না। ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে মাদকের প্রভাব নিয়ে কথা বলতে হবে। আরেকটা বিষয় হলো, তরুণদের মধ্যে কৌতূহল অনেক বেশি থাকে। তাঁরা অনেক কিছুই ঘাঁটাঘাঁটি করেন কোনো প্রভাব বিবেচনা না করেই। এর জন্য পারিপার্শ্বিক অবস্থাও দায়ী।’