স্বীকৃত টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে উইকেট নেওয়ায় এখন মোস্তাফিজুর রহমান সবার আগে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট নিয়ে তিনি শীর্ষে উঠে আসেন। বর্তমানে এ সংস্করণে মোস্তাফিজের উইকেটসংখ্যা ৪১৬।
এই রেকর্ড গড়ার পথে মোস্তাফিজ ছাড়িয়ে গেছেন তাঁর নিজের আদর্শ মানুষকে। ক্যারিয়ারের শুরুর দিকেই মোস্তাফিজ জানিয়েছিলেন, তাঁর আদর্শ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সেই আমিরকে এখন টপকে টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের রাজত্ব নিজের হাতে নিয়েছেন বাংলাদেশী পেসার মোস্তাফিজ।
আমিরের চেয়ে মোস্তাফিজ অনেক কম ম্যাচ খেলেছেন। ৩৫৬ ম্যাচে আমিরের উইকেট ৪১৪টি, যেখানে মোস্তাফিজকে তাঁকে ছাড়িয়ে যেতে লেগেছে মাত্র ৩২৫ ম্যাচ।
পিএসএল শুরুর আগে এ তালিকায় মোস্তাফিজ ছিলেন তৃতীয়। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ১ উইকেট নিয়ে তিনি দ্বিতীয় স্থানের আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে পিছনে ফেলে দেন। ২০২৩ সালে খেলা ছাড়া ওয়াহাব রিয়াজের উইকেট ৪১৩টি।
ওয়াহাব রিয়াজের সঙ্গে লড়াই শেষ হলেও আমিরের সঙ্গে এখানেই থামছে না। কারণ আমিরও পিএসএলে খেলছেন রাওয়ালপিন্ডির হয়ে। ৩৩ বছর বয়সী আমির টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ ম্যাচে ২ উইকেট নিয়েছেন। অন্যদিকে, মোস্তাফিজ ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন।
৪১৬ উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে মোস্তাফিজের ১৫৮টি উইকেট, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে ছাড়িয়ে তিনি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটগ্রহীতা হন।
যদিও স্বীকৃত টি-টুয়েন্টিতে উইকেট নেওয়ায় সাকিব এখনও মোস্তাফিজের আগে। সাকিবের শিকার ৫০৭ উইকেট। তবে এখানেও মোস্তাফিজ সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পথে। ৩৯ বছর বয়সী সাকিব এখন খুব বেশি লিগে সুযোগ পান না। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর তিনি বাংলাদেশের হয়েও খেলতে পারেননি।
স্বীকৃত টি-টুয়েন্টিতে উইকেট নেওয়ায় মোস্তাফিজ সব মিলিয়ে ৭ নম্বরে আছেন। শীর্ষে আফগান লেগ স্পিনার রশিদ খান, যাঁর উইকেট ৭০৩টি।






