রাজধানীর যাত্রাবাড়ীর কাঁচাবাজার এলাকায় একটি ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও রিকশার আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে রাত দুইটার দিকে চিকিৎসকই তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে দুজনই পুরুষ এবং বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। আহত অবস্থায় তাদের হাসপাতালে এনেছিলেন পথচারী খায়রুল ইসলাম ও মো. হৃদয়।

মো. হৃদয় বলেন, "দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়।" এতে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।