প্রতিষ্ঠার ১৩ বছর পূর্ণ করে এনআরবিসি ব্যাংক ১৪তম বর্ষে প্রবেশ করেছে। এই উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে। একই সঙ্গে বিস্তৃত নেটওয়ার্কের সাহায্যে স্বল্প আয়ের মানুষকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করার জন্য কর্মকাণ্ড বাড়ানোর কথাও বলা হয়েছে।
এনআরবিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আস্থার আলো দেশজুড়ে’ স্লোগানে গত বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্যাংকের পথচলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ আবদুল কাইয়ুম খানসহ বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের জোন ও শাখা-উপশাখার কর্মকর্তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া জানান, ব্যাংকের সুশাসন নিশ্চিত করা এবং সেবার পরিধি ও সুনাম বাড়ানোই তাঁদের লক্ষ্য। ঋণ কার্যক্রম ও খেলাপি ঋণের আদায় বাড়িয়ে মুনাফা বৃদ্ধি এবং আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করা হবে।






