চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচার করে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল টিউমার বের করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন মো. আরিফ উল হাসান। হাসপাতালের তথ্য অনুসারে, কচুয়া উপজেলার একটি গ্রামের ৪৫ বছর বয়সী এই নারী তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভারসাম্যহীনতা ও ব্যথায় ভুগছিলেন। প্রথমে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। পরবর্তীতে শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সঠিকভাবে অপসারণ করা হয়। এর বিশাল আকার দেখে চিকিৎসকেরা বিস্মিত হয়ে যান।

নারীর স্বজনরা গণমাধ্যমে কথা বলতে রাজি হয়ননি। অস্ত্রোপচারকারী চিকিৎসক আরিফ উল হাসান মুক্তকণ্ঠকে জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। প্রায় দেড় ঘণ্টা সময়সাপেক্ষ এই অস্ত্রোপচারে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমারটি অপসারণ করা হয়েছে। রোগী এখন পর্যবেক্ষণে রয়েছেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে এবং পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার একটি বড় বিষয়।