ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পুরোনো বসতঘরের টিনের বেড়া মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধারে ছুটে যাওয়া আরেকজনও বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে গফরগাঁও উপজেলার খাড়ুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামের মো. সাকিব (১৩) এবং একই উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের আব্দুল জব্বার (৭০)। সাকিব বড়াইল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের পুরোনো একটি টিনশেড ঘর মেরামত করছিলেন তাঁর ভাগনে সাকিব ও ভগ্নিপতি আব্দুল জব্বার। তারা ঘরের একটি টিনের বেড়া বাড়ির পাশে তৈরি করে ঘরে লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় ঘরের বিদ্যুতের তার নতুন টিনের বেড়ায় লেগে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। শামসুল হক ঘটনা দেখে তাদের বাঁচাতে ছুটে আসেন এবং তিনিও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরিবারের সদস্যরা তিনজনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাতুল বালা বিশ্বাস বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই সাকিব ও আব্দুল জব্বার মারা গেছেন। আহত শামসুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”